ছাত্রলীগ-ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজশাহী জেলা ছাত্রদল নেতা বুলেটের নেতৃত্বে বিশাল মিছিল
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, অরাজকতা ও ষড়যন্ত্র এবং দেশের স্বাধীনতা বিরোধী সংগঠন ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজশাহীতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেটের নেতৃত্বে বিশাল এ মিছিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরের কুমারপাড়া প্রদক্ষিণ করে জাদুঘর মোড় হয়ে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। নেতাকর্মীরা সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, অরাজকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। পাশাপাশি ছাত্রদলকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট। এ সময় তিনি বলেন, ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ছাত্রদলকে নিয়ে যে কটূক্তি করেছেন, তার জবাব দিতে চাই।’
বুলেট আরও বলেন, ‘বাইরে থেকে এসে রাজনীতি করে আবার ছাত্রদলকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্থানীয়। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এলে এর পরিণতি ভালো হবে না।’ তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। কোনো ধরণের হুমকি, কটূক্তি বা উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে তার প্রতিবাদ করা হবে।
বিক্ষোভ মিছিলকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। কর্মসূচিতে জেলা ছাত্রদলের সদস্য হাসেম আলী, দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের এস এম সাকিব হাসান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ কিবরিয়া, পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিবুর রহমান এবং রাজশাহী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা