এক দশকের উন্নয়ন কার্যক্রম হস্তান্তর; স্থানীয় যুব নেতৃত্বের হাতে দায়িত্ব
প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও শিশু সুরক্ষায় তানোরে দ্বিপাক্ষিক চুক্তি
প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও শিশু সুরক্ষায় তানোরে দ্বিপাক্ষিক চুক্তি
সংবাদ ২৪ ঘন্টা
১৩ আগ ২০২৬
রাজশাহীর তানোর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন এবং শিশু অধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম সফলভাবে হস্তান্তরের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (তানোর এডিপি) এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থা’র মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে তানোর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গত এক দশকেরও বেশি সময় ধরে তানোরে শিশুদের শিক্ষা, শিশু সুরক্ষা, বাল্যবিয়ে রোধ, নিরাপদ সুপেয় পানি সরবরাহ এবং অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটির দীর্ঘমেয়াদি 'এরিয়া প্রোগ্রাম' (এডিপি)-এর কৌশল অনুযায়ী প্রকল্প সমাপনী পর্যায়ে স্থায়িত্ব নিশ্চিত করতে স্থানীয় সম্ভাবনাময় সংগঠনের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে, তানোরের তরুণদের সংগঠন ‘স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থা’ দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষাবৃত্তি, ঝরে পড়া শিশুদের পুনরেকত্রীকরণ, রক্তদান এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করছে। স্থানীয় পর্যায়ে তাদের সক্রিয় ভূমিকার কারণেই এসব কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব তাদের ওপর ন্যস্ত করা হয়।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে তানোর এডিপি ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু এবং স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল হোসেন মিন্টু চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় হস্তান্তরকৃত প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে— শিশু বিকাশ কেন্দ্র ‘শিখন শেঁকড়’ (ইসিসিডি), শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধির ‘আনলক লিটারেসি’ (ইউএল) প্রোগ্রাম, শিশু ও যুব ফোরাম পরিচালনা, হতদরিদ্র পরিবারকে অর্থনৈতিক সহায়তা এবং এলাকাভিত্তিক তথ্যসূচক বিলবোর্ড রক্ষণাবেক্ষণ।
সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে এসব উদ্যোগ অব্যাহত রাখা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (বিশেষ করে এসডিজি-১: দারিদ্র্য বিমোচন, এসডিজি-৪: মানসম্মত শিক্ষা এবং এসডিজি-১৭: লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব) বাস্তবায়নে প্রত্যক্ষ ভূমিকা রাখবে। একই সাথে তা সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের আওতায় দক্ষ মানবসম্পদ ও স্মার্ট সমাজ গঠনেও সহায়ক হবে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ঝুনু লিমা বৈদ্য, গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি শরিফুল ইসলাম, আজিজুর রহমান বুলবুল, নওশাদ আলী ও সাইদুর রহমান এবং স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক অমিত হাসান রনি, সদস্য মারুফ হোসেন, ফাহিম শেখ ও ওমর হানিফসহ বিভিন্ন সেন্টার ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা