অসামাজিক কার্যকলাপ ও অনিয়মের অভিযোগে পর্যটন হাউজ বোট সিলগালা
নানা অভিযোগে রাজশাহীর পদ্মায় ‘সোনার তরী’ হাউজ বোট সিলগালা
পদ্মা নদীর বুকে বিনোদনের মাধ্যম হিসেবে পরিচিত পর্যটকবাহী হাউজ বোট ‘সোনার তরী’ ঘিরে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। পর্যটনের সাইনবোর্ড টাঙিয়ে অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অবৈধ মেলামেলার সুযোগ করে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবশেষে হাউজ বোটটিতে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন।
অভিযানে অসামাজিক কার্যকলাপের প্রমাণ মিলতেই একের পর এক বেরিয়ে আসে প্রশাসনিক অনিয়ম। দেখা যায়, চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং হাউজ বোটটির সব নথিপত্রের মেয়াদও অনেক আগেই শেষ হয়ে গেছে। এসব গুরুতর অনিয়মের কারণে হাউজ বোটটির চলাচল অবিলম্বে স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে রাজশাহী সীমান্ত এলাকায় নোঙর করা এই হাউজ বোটে ঝটিকা অভিযান চালানো হয়।
প্যাকেজের আড়ালে অনৈতিক বাণিজ্য
স্থানীয় ও অনুসন্ধানী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাধারণ পর্যটনের আড়ালে ‘সোনার তরী’ হাউজ বোটে চলে আসছিল অনৈতিক ব্যবসা। ব্যবসা বাড়াতে চালু করা হয়েছিল নানা আকর্ষণীয় প্যাকেজ। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘পাবলিক প্যাকেজ’ ৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজ’ ১৮০০ টাকা। এছাড়া সকাল ৯টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত সারাদিনের ‘পাবলিক প্যাকেজ’ ১৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজ’ ৩০০০ টাকা হারে ভাড়া নেওয়া হতো। অভিযোগ রয়েছে, এসব প্যাকেজ ও কেবিনের আড়ালে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তরুণ-তরুণীদের অবৈধ মেলামেলার নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে তোলা হয়েছিল হাউজ বোটটিকে।
কাগজপত্রের মেয়াদহীনতা ও জালিয়াতি
অভিযোগের সত্যতা যাচাইয়ে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ সরেজমিনে হাউজ বোটে তল্লাশি চালায়। এ সময় রুট পারমিট ও ফিটনেসের কাগজ দেখতে চাওয়া হলে কর্তৃপক্ষ কোনো বৈধ নথি দেখাতে ব্যর্থ হয়।
তদন্তে জানা যায়, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স তো নেই-ই, এমনকি হাউজ বোট চলাচলের প্রয়োজনীয় সব কাগজপত্রের মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে।
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিআইডব্লিউটিএ-র হালনাগাদ কাগজপত্র ছাড়া কোনো অবস্থাতেই হাউজ বোটটি চালানো যাবে না। পাশাপাশি অসামাজিক কার্যকলাপ রোধে কঠোর সতর্কতা জারি করে বলা হয়েছে, বৈধ কাগজপত্র (যেমন: নিকাহনামা বা সঠিক পরিচয়পত্র) ছাড়া কোনো যুগলকে স্বামী-স্ত্রী পরিচয়ে কেবিন বরাদ্দ দেওয়া যাবে না।
প্রশাসনের কঠোর হুশিয়ারি
অভিযানের বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ মন্ডল বলেন, সুস্থ বিনোদনের নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। বৈধ নথিপত্র না থাকায় হাউজ বোটটির চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ-র সুলতানগঞ্জ বন্দর কর্মকর্তা দীনেশ শাহ জানান, চালকের লাইসেন্স না থাকা এবং নথিপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ‘সোনার তরী’ হাউজ বোটের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিএ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও হালনাগাদ ছাড়পত্র নেওয়ার পরই কেবল এটি পুনরায় চালুর বিষয়ে ভেবে দেখা হবে।
এদিকে, এসব চাঞ্চল্যকর অভিযোগ ও প্রশাসনিক স্থগিতাদেশের বিষয়ে ‘সোনার তরী’ হাউজ বোট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা