জমকালো আয়োজনে অনুষ্ঠিত ড্রাফট
রাজশাহীতে ১৯ নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট সম্পন্ন
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘২য় বারের মতো ১৯ নং ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো প্লেয়ার ড্রাফট। রবিবার (৮ নভেম্বর ২০২৬) স্থানীয় সামাজিক সংগঠন ‘ভোরের শিশির’-এর উদ্যোগে এই ড্রাফট অনুষ্ঠান সম্পন্ন হয়। গত বছরের তুলনায় এবার আরও বর্ণাঢ্য পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী মানুষের ব্যাপক সমাগম ঘটে।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিপ্লবী দলের সদস্য সচিব এবং ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ফয়সাল শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ডের জনপ্রিয় প্রয়াত কাউন্সিলর নুরুজ্জামান টিটুর বড় ভাই লোকমান হোসেন (বুড্ডা)। আরও উপস্থিত ছিলেন ‘ভোরের শিশির’ সংগঠনের অন্যতম সদস্য রনি, সজীব ও আজাদসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া প্লেয়ার ড্রাফটে আলো ছড়িয়েছেন এক সময়ের তারকা ফুটবলার ও রাজশাহীর কৃতি সন্তানেরা। সাবেক ও স্বনামধন্য ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন আদনান, সুমন, সাবেক তারকা গোলকিপার পলাশ, রব আলী, ফরিদ ও ইমরানসহ আরও অনেকে।
বক্তব্যে মোহাম্মদ ফয়সাল শেখ বলেন, "এই আয়োজনের পেছনে আমার একা কোনো কৃতিত্ব নেই। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং আন্তরিক দোয়ার ফলেই এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।"
নতুন প্রজন্মকে মাঠমুখী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "সকলে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের নতুন প্রজন্মের যে শিশুরা বড় হচ্ছে, তাদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে পারি এবং খেলার মাঠমুখী করতে পারি।"
ড্রাফট পর্বে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা নিয়মতান্ত্রিকভাবে তাদের পছন্দের খেলোয়াড়দের বাছাই করেন। খেলোয়াড় বাছাই পর্বকে কেন্দ্র করে পুরো আয়োজন জুড়েই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ড্রাফট প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় খুব শীঘ্রই টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করে মাঠের লড়াই শুরু হবে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা