নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন তিনি
অ্যাটকোর পরিচালনা পর্ষদে যুক্ত হলেন লিয়াকত আলী খাঁন মুকুল
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। রোববার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা শেষে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে সভাপতি হয়েছেন অঞ্জন চৌধুরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন আবদুস সালাম।
এ ছাড়া সহসভাপতি পদে কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির অন্য পরিচালকরা হলেন- নাভিদুল হক, মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, মো. হাসান, শামীম ইসলাম, সৈয়দ সামাদুল হক ও লিয়াকত আলী খাঁন মুকুল।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে টেলিভিশন শিল্পের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতারা অ্যাটকোর কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচারশিল্পের অগ্রগতিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা