ভুক্তভোগীর পাশে থাকার আশ্বাস পুলিশের
এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি কমিশনার, চিকিৎসা ও নিরাপত্তার আশ্বাস
রাজশাহীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ নারীকে দেখতে তাঁর বাসায় গেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় ভুক্তভোগীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাঁর চিকিৎসা, আইনগত সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার। পাশাপাশি এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভালের বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম, বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য সদস্য।
উল্লেখ্য, নারীর প্রতি সহিংসতা ও এসিড সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আরএমপি। অপরাধের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, আইনগত সহায়তা ও মানবিক সহযোগিতা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা