দীর্ঘদিনেও সংরক্ষণ হয়নি বধ্যভূমি
রাজাপুর মুক্ত দিবস আজ, ৫৫ বছরেও অবহেলায় বধ্যভূমি
ঝালকাঠি প্রতিনিধি :
১৯৭১ সালের ২৩ নভেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ ও সম্মুখযুদ্ধের পর শত্রুমুক্ত হয় ঝালকাঠির রাজাপুর। বৃহত্তর বরিশাল অঞ্চলের মধ্যে এদিনই সর্বপ্রথম স্বাধীনতার স্বাদ পায় রাজাপুরের মানুষ। তবে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ও গুরুত্বপূর্ণ স্থানগুলো এখনও সংরক্ষণের তেমন কোন উদ্যোগ নেয়। ফলে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা এবং শহীদদের স্মৃতি রক্ষার বিষয়টি নিয়ে ক্ষোভ ও আক্ষেপ রয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের।
মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাপুর ছিল ৯ নম্বর সেক্টরের বরিশাল সাব-সেক্টরের আওতাধীন। সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি গড়ে তোলেন।
মুক্তিযোদ্ধা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, একাত্তরে রাজাপুর ছিল মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের বরিশাল সাব-সেক্টরের অধীন। এই সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহজাহান ওমর। তিনি উপজেলার কানুদাসকাঠিতে মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি স্থাপন করেন। সেখান থেকেই হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও আক্রমণের পরিকল্পনা করা হতো।
১৪ নভেম্বরের পর রাজাপুরে মুক্তিযোদ্ধাদের তৎপরতা আরও জোরালো হয়। অন্যদিকে স্থানীয় সহযোগীদের সহায়তায় পাকিস্তানি বাহিনী সাধারণ মানুষের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়। থানা ঘাটসংলগ্ন বধ্যভূমিতে নিরীহ মানুষকে ধরে এনে বেঁধে গুলি করে নদী ও খালে ফেলে দেওয়া হতো। তৎকালীন কলেজছাত্র আবুল কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটিচাপা দেওয়ার ঘটনাও স্থানীয়দের স্মৃতিতে আজও গভীর ক্ষত হয়ে আছে।
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অভিযান শুরু হয় ২২ নভেম্বর রাতে। তৎকালীন থানা কমান্ডার কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা রাজাপুর থানায় পাকিস্তানি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালান। রাতভর চলে তুমুল সম্মুখযুদ্ধ। পরদিন ২৩ নভেম্বর সকাল পর্যন্ত লড়াই অব্যাহত থাকে। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
এই যুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই মুক্তিযোদ্ধা শহীদ হন। ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ২০ জন আহত হন। তাঁদের আত্মত্যাগ ও প্রতিরোধের মধ্য দিয়ে শত্রুমুক্ত হয় রাজাপুর।
বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা বলেন, রাজাপুরের সম্মুখযুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই মুক্তিযোদ্ধা শহীদ হন। দীর্ঘ লড়াইয়ের পর ২৩ নভেম্বর সকালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ বিজয় ছিল এ অঞ্চলের মুক্তিকামী মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাপুর ছিল বরিশাল সাব-সেক্টরের অধীন। ক্যাপ্টেন শাহজাহান ওমর কানুদাসকাঠিতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি স্থাপন করেছিলেন। রাজাপুর থানায় সম্মুখযুদ্ধ শুরু হলে তিনিও সরাসরি অংশ নেন এবং সেদিন গুলিবিদ্ধ হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।
মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজাপুর থানা ঘাটের বধ্যভূমিতে প্রায় ৭০০ থেকে ৮০০ নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। এ ছাড়া সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের বাড়ির সামনের বধ্যভূমিতে হত্যা করা হয় আরও প্রায় ২০০ মানুষকে। অথচ এত বড় গণহত্যার স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। নেই প্রয়োজনীয় স্মৃতিফলক কিংবা নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার পর্যাপ্ত ব্যবস্থা।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের মতে, এসব স্থান সংরক্ষণ করা শুধু অতীতের স্মৃতি রক্ষার বিষয় নয়, বরং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়ার দায়িত্বও। যথাযথ উদ্যোগের অভাবে একসময় গুরুত্বপূর্ণ এসব স্মৃতিচিহ্ন হারিয়ে যেতে পারে।
রাজাপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু বলেন, মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। অনেক মুক্তিযোদ্ধা আজও নানা সংকটের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাদের অবদান ও স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজাপুরের বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা