অনুদানের প্রলোভনে প্রতারণার অভিযোগ
অনুদানের ফাঁদে শিবগঞ্জে ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
সরকারি অনুদানে স্বল্পমূল্যে চাল, গরু, মোটর ও বাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জসহ আশপাশের এলাকার প্রায় ১৮ হাজার মানুষের কাছ থেকে ২০ থেকে ২২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাসকুরা ট্রেডার্সের মালিক ও ম্যানেজারসহ একটি চক্রের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পাওয়া এবং প্রতিশ্রুত কোনো সুবিধা না মেলায় চরম অনিশ্চয়তায় পড়েছেন ভুক্তভোগীরা। প্রতিকার ও টাকা ফেরতের দাবিতে তাঁরা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, মাসকুরা ট্রেডার্সের মালিক মোসা. জেসমিন বেগম ও ম্যানেজার কামরুল হাসান মৃদুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারি অনুদানের কথা বলে বিভিন্ন ধরনের কার্ড বিতরণের মাধ্যমে টাকা সংগ্রহ করেন। কার্ডপ্রতি চালের জন্য ৫ হাজার, গরুর জন্য ৩০ হাজার, মটরের জন্য ১৫ হাজার এবং বাড়ির জন্য ৬০ হাজার টাকা নেওয়া হয়। এভাবে প্রায় ১৮ হাজার মানুষের কাছ থেকে ২০ থেকে ২২ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে দাবি তাঁদের।
শিবগঞ্জ উপজেলার জাবরী এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নসিপুর, চকঝগড়ু, জামবাড়িয়া ও মহেশপুরসহ বিভিন্ন এলাকার মানুষ এই অর্থ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের অনেকেই স্বল্প আয়ের মানুষ। সরকারি সহায়তায় কম দামে খাদ্যসামগ্রী ও বসতবাড়ি পাওয়ার আশায় কেউ সঞ্চয়ের টাকা, কেউ ধারদেনা করে এসব অর্থ জমা দিয়েছেন।
ভুক্তভোগীদের ভাষ্য, টাকা নেওয়ার সময় বিভিন্ন সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। টাকা ফেরত চাইতে গেলে নানা অজুহাত দেখানো হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সংকটের পাশাপাশি মানসিক দুর্ভোগেও পড়েছে।
প্রতিকারের অপেক্ষায় হাজারো পরিবার অর্থ ফেরত ও অভিযুক্তদের বিচারের দাবিতে ভুক্তভোগীরা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচিতে আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, শামিমা খাতুন, মলি খাতুন, জেসমিন খাতুন, আব্দুর রাকিব ও সাজাহান আলীসহ অনেকে বক্তব্য দেন। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবি জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি অনুদানের নামে কীভাবে এত বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলো, এর সঙ্গে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এদিকে মাসকুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী জেসমিন বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে অভিযোগ পাওয়া গেলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা