মেস থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন

নিখোঁজের দুই দিন পর ধানখেতে রাবি শিক্ষার্থীর সন্ধান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম ২২ বার পঠিত
নিখোঁজের দুই দিন পর ধানখেতে রাবি শিক্ষার্থীর সন্ধান
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
২১ নভে ২০২৬ | sangbad24ghonta.com
নিখোঁজের দুই দিন পর ধানখেতে রাবি শিক্ষার্থীর সন্ধান
বিস্তারিত কমেন্টে ↘

দুই দিন ধরে নিখোঁজ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. হৃদয় আলীকে নাটোরের বড়াইগ্রামে একটি ধানখেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানখেত থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

 

হৃদয় বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকতেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, হৃদয়কে নাটোরের শিবপুরে একটি ধানখেতের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে তিনি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে নাটোরের হাসপাতালে যান। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রামেকে পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিক অবস্থা স্বাভাবিক নয়। হৃদয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

 

হৃদয়ের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে পুলিশ তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করে।

 

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের একটি ধানখেতে হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।

 

বনপাড়া আমিনা হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল হক বলেন, হৃদয়ের চিকিৎসা চলছিল। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে রামেকে পাঠানো হয়েছে।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। এ কারণে কীভাবে তিনি সেখানে গেলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।