ম্যারাথন শেষে পানির কাপ ও খাবারের প্যাকেটে নোংরা সড়ক
হাফ ম্যারাথন শেষে সড়কে বর্জ্য, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
রাজশাহীতে হাফ ম্যারাথন আয়োজন শেষে নগরীর বিভিন্ন সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে ব্যবহৃত পানির কাপ, খাবারের প্যাকেটসহ নানা ধরনের বর্জ্য। বিশেষ করে নগরীর মেহেরচন্ডি এলাকায় এমন চিত্র সামনে আসায় আয়োজনের পর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয় হাফ ম্যারাথন। আয়োজন শেষে দৌড়ের রুটের বিভিন্ন স্থানে, বিশেষ করে পানির সরবরাহের জন্য নির্ধারিত হাইড্রেশন পয়েন্টগুলোর আশপাশে পরিত্যক্ত পানির কাপ ও খাবারের প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিষয়টি নজরে আসে।
শারীরিক সুস্থতা ও খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে একটি সফল ক্রীড়া আয়োজনের পাশাপাশি পরিবেশের সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। আয়োজন শেষে ব্যবহৃত স্থানগুলো পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট আয়োজকদের পরিকল্পনায় থাকা প্রয়োজন।
ম্যারাথন আয়োজনের আগে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, দৌড়ের রুট, পানি ও খাবারের ব্যবস্থা করা হলেও অনুষ্ঠান শেষে বর্জ্য সংগ্রহ ও অপসারণের পর্যাপ্ত উদ্যোগ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নগরবাসী।
তাঁদের মতে, সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ ধরনের আয়োজন থেকে পরিবেশ সচেতনতার দৃষ্টান্তও তৈরি হওয়া উচিত। অন্যথায় জনসচেতনতামূলক একটি ইতিবাচক আয়োজনের পরও নগরবাসীর কাছে নেতিবাচক বার্তা পৌঁছাতে পারে।
নগরবাসীর প্রত্যাশা, রাজশাহী রানার্স কমিউনিটি সংশ্লিষ্ট স্থানগুলো পরিচ্ছন্ন করার উদ্যোগ নেবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে বর্জ্য সংগ্রহ, নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা এবং অনুষ্ঠান-পরবর্তী পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেবে।
খেলাধুলার আয়োজন আরও বিস্তৃত হোক, তবে সেই আয়োজনের কারণে যেন নগরীর সৌন্দর্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়—এমন প্রত্যাশা রাজশাহীবাসীর।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা