চাকরির নামে পাচারের ফাঁদ
কলকাতায় চাকরির প্রলোভনে সিলেট সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা
ভারতের কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনা থেকে সিলেট সীমান্তে নিয়ে আসা হয়েছিল মা ও মেয়েকে। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের আগেই বিজিবির হাতে ধরা পড়েছেন তাঁরা।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে পাচারকারী চক্রের সদস্যরা। যাওয়ার আগে ওই দুই নারীর কাছ থেকে ৬০ হাজার টাকা ও একটি মুঠোফোনও নিয়ে যায় তারা।
শনিবার (২১ নভেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর লাল শাপলাবিল সংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছ থেকে ওই দুই নারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক দুই নারী হলেন খুলনার তেরখাদা উপজেলার নয়া বারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫) ও তাঁর মা মেহেরুন বিবি (৭০)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে এক দালালের মাধ্যমে তাঁদের জৈন্তাপুর সীমান্ত এলাকায় আনা হয়।
পরিকল্পনা ছিল, ডিবিরহাওর এলাকার একটি পরিত্যক্ত মন্দিরের কাছে স্থানীয় আরেক দালালের হাতে তাঁদের তুলে দেওয়া হবে। সেখান থেকে সীমান্ত পার করে ভারতে পাঠানোর কথা ছিল। তবে নির্ধারিত স্থানে পৌঁছানোর পর বিজিবির টহল দলের নজরে পড়েন তাঁরা। এ সময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। আটক রাফেজা বিবি বলেন, কলকাতায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে খুলনার এক দালাল তাঁদের সীমান্ত এলাকায় নিয়ে আসেন। পরে দালাল চক্রের সদস্যরা তাঁদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুদ্দিন আহমেদ আটকের তথ্য নিশ্চিত করে বলেন, ডিবিরহাওর বিওপির টহল দল শনিবার সকালে সন্দেহজনক চলাফেরা করতে দেখে ওই দুই নারীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁরা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আটক দুই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা থেকে আসা দালালের পরিচয় শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় জৈন্তাপুরের স্থানীয় আরও একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা