গ্রেপ্তারের পেছনের ঘটনা নিয়ে বিস্তারিত
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ যেভাবে পুলিশের হাতে আটক
দীর্ঘদিন ধরে ঘরের বাইরে বের হতেন না, এমনকি সূর্যের আলোতেও যেতেন না সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদ।
নিজেকে অনেকটা গৃহবন্দী করে রাখা এই নেতাকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পুলিশ জানতে পারে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই বাসায় তিনি পরিবারের সঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে।
প্রথমে রাত ২টা ২০ মিনিটের দিকে তাকে আটকের তথ্য জানানো হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে ওসি মোহাম্মদ খালিদ মনসুর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর নুরুল ইসলাম নাহিদকে থানায় নেওয়া হয়।
একাধিক গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে শোনা যায়, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যদের পোশাক পরিবর্তন করে প্রস্তুত হওয়ার জন্য সময় চাইতে এবং পুলিশের সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করতে শোনা যায়।
কথোপকথনে পরিবারের একজন সদস্যকে পুলিশ সদস্যদের কাছে জানতে চাইতে শোনা যায়, নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হচ্ছে কি না এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুলিশ সদস্যরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু না বলে পরে কথা বলার জন্য বলেন।
এ সময় পরিবারের একজন সদস্য বলেন, ‘আমি কি সঙ্গে যেতে পারি?’ জবাবে পুলিশ সদস্যরা তাকে আসতে বলেন। পরে পরিবারের সদস্যদের প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘ম্যাম, তুমি রেডি হয়ে নাও। কেঁদো না, তুমি রেডি হয়ে নাও।’
প্রসঙ্গত, নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা