কোথায় উৎপত্তিস্থল?
ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ
নেপালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশসহ পাঁচটি দেশে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাও। তবে এখন পর্যন্ত কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার হিসাবে কিছুটা পার্থক্য রয়েছে। নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এর মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। অন্যদিকে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ভূমিকম্পের কম্পন ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়। বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন। হিমালয়সংলগ্ন এলাকাগুলোতে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে মঙ্গলবার ভোরে ভারতের আসাম রাজ্যেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এনসিএসের তথ্য অনুযায়ী, কার্বি আংলং জেলায় ভোর ৩টা ৩৯ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ২ দশমিক ৫।
সংস্থাটি জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
একই দিনে নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একাধিক ভূমিকম্পের ঘটনা হিমালয় অঞ্চলের ভূকম্পন পরিস্থিতিকে আবারও আলোচনায় এনেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা