ট্রাম্পের দাবি
এনভিডিয়ার সিইও পদে ফিরলেন হুয়াং, কৃতিত্ব নিলেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে রাজি করানোর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পর্ষদের সদস্যদের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলে তিনি তাদের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলেছি। তাদের রাজি করিয়েছি। আমিই চুক্তিটি করেছি।’
ট্রাম্পের জানান, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার কাছে নিশ্চয়তা চেয়েছিল। এ সময় মার্কিন প্রশাসনের কাছে থাকা তথ্যের ভিত্তিতে পর্ষদকে আশ্বস্ত করা হয়। ট্রাম্প বলেন, তারা যতটুকু জানেন, সেই অনুযায়ী প্রয়োজনীয় নিশ্চয়তা দিয়েছেন।
হুয়াংকে আবার এনভিডিয়ার নেতৃত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে সমর্থন করে ট্রাম্প বলেন, পরিচালনা পর্ষদ দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছে। হুয়াংকে হারানোর চেয়ে তাকে নেতৃত্বে রাখাই যুক্তরাষ্ট্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ। মানুষ প্রশ্ন করে, তাকে দায়িত্বে রাখা কি কোনো হুমকি? না, বরং তাকে হারানোই হুমকি।
এনভিডিয়ার শেয়ারবাজারে দরপতন এবং সামগ্রিক বাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প। হুয়াংকে ফিরিয়ে আনার উদ্যোগের পেছনে শেয়ারের দরপতন কোনো ভূমিকা রেখেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত তাই।’ তবে দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানটির নেতৃত্ব ও সক্ষমতা ধরে রাখাকে তিনি আরও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
ট্রাম্প জানান, পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা শেষ করে রোববার রাতে তিনি হুয়াংয়ের সঙ্গে কথা বলেন। সে সময় তাঁকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এর আগে ১২ নভেম্বর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। ওই ঘটনাকে কেন্দ্র করে অ্যালিস হুয়াং নামের এক নারীর নামও আলোচনায় আসে। তার বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল।
হুয়াংকে পুনরায় দায়িত্বে ফেরানোর প্রস্তাব প্রথমে নাকচ করেছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। পরে ট্রাম্পের সমর্থন ও তার সঙ্গে আলোচনার পর সোমবার প্রতিষ্ঠানটি হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনার ঘোষণা দেয়।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোনস জানান, যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও তাঁদের মতামত বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের মতে, হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই।
তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের অভিযোগ, জাতীয় নিরাপত্তার বিষয়টির চেয়ে এনভিডিয়ার ব্যবসায়িক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন।
এ বিষয়ে রিপাবলিকান সিনেটর টম কটন জানিয়েছেন, এনভিডিয়া ও সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে কংগ্রেস তদন্ত করবে। অন্যদিকে সিনেটর এলিজাবেথ ওয়ারেন হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্তের সমালোচনা করে একে বেপরোয়া পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।
আগামী ১ ডিসেম্বর প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রুদ্ধদ্বার বৈঠকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে হুয়াংয়ের। এর দুই দিন পর সিনেটের ব্যাংকিং কমিটিতেও তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা