বিশ্ব বাঘ দিবস: প্রাণহানির উদ্বেগের মধ্যেও সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা
বিশ্ব বাঘ দিবস: প্রাণহানির উদ্বেগের মধ্যেও সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা
সংবাদ ২৪ ঘন্টা
২৯ জুল ২০২৬
দেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসস্থল সুন্দরবন। তবে নিজের এই প্রাকৃতিক আবাসস্থলেই নানা হুমকির মুখে রয়েছে বাঘ। চোরাশিকারী চক্র, জলবায়ু পরিবর্তন, বনদস্যুদের তৎপরতা এবং সুন্দরবনের ওপর ক্রমবর্ধমান পরিবেশগত চাপ বাঘের অস্তিত্বের জন্য ঝুঁকি তৈরি করছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে সুন্দরবনে ৬১টি বাঘের মৃত্যু হয়েছে।
তবে আশার খবর হলো, নানা প্রতিকূলতার মধ্যেও সুন্দরবনে বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত কয়েক দফার ক্যামেরা ট্র্যাপিংভিত্তিক জরিপে দেখা গেছে, প্রতি জরিপে গড়ে প্রায় ১০টি করে বাঘ বেড়েছে। বনজীবী, বনকর্মী ও পর্যটকদের ভাষ্যেও আগের তুলনায় সুন্দরবনে বাঘের উপস্থিতি এখন বেশি চোখে পড়ছে। সম্প্রতি বন বিভাগের ক্যামেরায়ও একাধিক বাঘ ধরা পড়েছে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস। সুন্দরবনসংলগ্ন জেলার মানুষকে সম্পৃক্ত করতে গত কয়েক বছর ধরে ঢাকার বাইরে জাতীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’।
চলতি বছরের ৪ জানুয়ারি সুন্দরবনে চোরাশিকারীদের পেতে রাখা ফাঁদ থেকে একটি বাঘিনীকে উদ্ধার করে বন বিভাগ। কয়েকদিন ধরে ফাঁদে আটকে থাকায় প্রায় ১০ বছর বয়সী বাঘিনীটির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল।
চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার পর বন থেকে উদ্ধারের ছয় মাস পর গত ১২ জুলাই সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ক্যামেরা ট্র্যাপিংয়ে বাড়ছে বাঘের সংখ্যা
বন বিভাগের তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনে বাঘ গণনা করা হচ্ছে।
২০১৫ সালে প্রথম ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে গণনায় সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালে একই পদ্ধতিতে পরিচালিত জরিপে এ সংখ্যা দাঁড়ায় ১১৪টি। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবর মাসের জরিপে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা পাওয়া যায় ১২৫টি।
সাম্প্রতিক সময়েও সুন্দরবনে বাঘের উপস্থিতির একাধিক প্রমাণ মিলেছে। গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সুন্দরবনের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্র এলাকায় একটি বাঘকে ঘুরে বেড়াতে দেখা যায়। এছাড়া ওই এলাকায় সম্প্রতি স্থাপন করা ২০টি ট্র্যাপ ক্যামেরায় এক সপ্তাহে ধারণ করা ছবি বিশ্লেষণ করে পৃথক তিনটি বাঘ শনাক্ত করেছে বন বিভাগ।
বন বিভাগ বলছে, আগের তুলনায় বাঘের লোকালয়ে চলে আসার প্রবণতা কমেছে। একই সঙ্গে মানুষ ও বাঘের সংঘাতও কমেছে। বনকর্মী ও পর্যটকদের অনেকেই এখন জোড়া জোড়া বাঘ দেখতে পাচ্ছেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা