জমকালো আয়োজনে ফুটবল প্রতিযোগিতা
রুবেলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, প্রশংসায় ছাত্রদল নেতা
রুবেলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, প্রশংসায় ছাত্রদল নেতা
সংবাদ ২৪ ঘন্টা
১৯ সেপ্টে ২০২৬
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :৷ রাজশাহীর মোহনপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার দুদিন ব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে তিনি এ টুর্নামেন্ট আয়োজন করেন।
সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন- মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দল মোহনপুর উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা এডভোকেট মনোয়ার হোসেন খোকন ও মৌগাছি ইউনিয়ন ছাত্রদলের রায়হান ইসলাম।
এ বিষয়ে ছাত্রদলের রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব ও তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করেছি। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি মাঠ, একটি ফুটবল এবং একটি সুস্থ প্রতিযোগিতা অনেক তরুণকে মাদকের অন্ধকার জগত থেকে দূরে রাখতে পারে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা এ ধরণের আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজ আরও বেশি খেলাধুলামুখী হবে। নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে। ছাত্রসমাজের প্রতি আহবান জানিয়ে ছাত্রদল নেতা রুবেল বলেন, আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। খেলাধুলার মাধ্যমে তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করি। তাই সবাই মাদককে না বলুন, খেলাধুলাকে আপন করুন।
এদিকে, এমন জমকালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় ছাত্রদল নেতা রুবেলকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি। সচেতন মহল জানিয়েছেন, রুবেলের মতো যোগ্য নেতাকে জেলা ছাত্রদলের নেতৃত্বে প্রয়োজন। তবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন রাজশাহীর ছাত্রসমাজের মাঝে বাস্তবায়িত হবে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা