গড়ে তোলা হবে অত্যাধুনিক হাসপাতাল

সিটি হাসপাতালকে আধুনিকায়নের আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম ১০ বার পঠিত
সিটি হাসপাতালকে আধুনিকায়নের আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
১০ অক্টো ২০২৬ | sangbad24ghonta.com
সিটি হাসপাতালকে আধুনিকায়নের আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
বিস্তারিত কমেন্টে ↘

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর রানীনগরস্থ সিটি হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।

 

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে হাসপাতালটি ঘুরে দেখান। পরিদর্শনের শুরুতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সিটি হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড ও ক্যাবিন, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রতিমন্ত্রী সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, রাসিক প্রশাসক আমাকে এখানে নিয়ে এসেছেন। হাসপাতালটি আয়তনে বড় হলেও এর ভবন অনেক পুরোনো। বিগত দিনে অযত্ন ও অবহেলার কারণে এখানে ঠিকমতো স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হয়নি।

 

তিনি আরো বলেন, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এ অঞ্চলের একজন জনপ্রিয় নেতা। তিনি ইতোমধ্যে মানুষের প্রতি তাঁর দরদ ও ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এই হাসপাতালকে ঘিরে তাঁর অনেক স্বপ্ন ও বড় পরিকল্পনা রয়েছে। তাঁর পরিকল্পনাগুলো আমার কাছে বাস্তবসম্মত মনে হয়েছে। রাসিক প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হাসপাতালের উন্নয়নে যতটুকু সম্ভব, আমরা অবশ্যই সহযোগিতা করব। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহযোগিতা করা হবে। আমি এই হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান হাসপাতালে পরিণত করার সম্ভাবনা দেখছি। 

 

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি সরকারের অবদান থাকায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ হাসপাতালের কোন উন্নয়ন হয়নি। সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নিকট বিষয়টি উপস্থাপন করবো। আজকে আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাকে সিটি হাসপাতালের আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। 

 

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবং সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনি সহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আফরোজ, ২৪ নং ওয়ার্ড বিএনপির মো. লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রজু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।