নিশ্চিত করতে হবে জবাবদিহি
মানবাধিকার রক্ষায় আইনের শাসন জরুরি
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও বিশিষ্টজনেরা। তারা বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর রেস্তোরাঁর কনফারেন্স রুমে মানবাধিকার সংগঠন অধিকার-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অধিকার-এর রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল না করে সেগুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, কোনো আইন যেন নাগরিকের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার হাতিয়ার হয়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মানবাধিকার সুরক্ষার নামে কিংবা নিরাপত্তার যুক্তিতে নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তে স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক ও কবি সোহেল মাহবুব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী এম শামিম।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা