সচেতনতা দিবসে বিশেষ আয়োজন
রাজশাহীতে সর্পদংশন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
রাজশাহীতে সর্পদংশন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা
সংবাদ ২৪ ঘন্টা
২০ সেপ্টে ২০২৬
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাহ মখদুম কলেজে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম এবং বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী।
প্রশিক্ষক হিসেবে ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং সর্প বিশেষজ্ঞ ও গবেষক বোরহান বিশ্বাস রোমন। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
কর্মশালায় বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের পরিচিতি ও বিভিন্ন প্রজাতি, সর্প দংশনের পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, অ্যান্টিভেনমের ব্যবহার ও কার্যকারিতা এবং সর্প দংশন প্রতিরোধে সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাপ হত্যা না করে উদ্ধার ও নিরাপদ স্থানে অবমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রশিক্ষকরা সাপ উদ্ধার, নিরাপদে ধরন ও প্রকৃতিতে অবমুক্তকরণের বিষয়ে অংশগ্রহণকারীদের হাতেকলমে প্রশিক্ষণ দেন। এ সময় সাপ উদ্ধারের ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, সুরক্ষা সরঞ্জাম ব্যবহার এবং প্রয়োজনীয় উপকরণ সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা