মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: চিরতরে নিভে গেল দুই বন্ধুর জীবনের প্রদীপ
মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: চিরতরে নিভে গেল দুই বন্ধুর জীবনের প্রদীপ
সংবাদ ২৪ ঘন্টা
২৩ মে ২০২৬
জেলার সদর উপজেলার বন্দর গ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শোভন (২০) ও নয়ন আহমেদ (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোভন সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের পুত্র এবং নয়ন মেহেরপুর শহরের খন্দকার পাড়ার হাফিজুর রহমানের পুত্র।
স্থানীয়রা জানান, শোভন ও নয়ন মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে বন্দর এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর সেলিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা