নওহাটা পশুর হাটে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ, ক্ষোভ ক্রেতা-বিক্রেতাদের
নওহাটা পশুর হাটে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ, ক্ষোভ ক্রেতা-বিক্রেতাদের
সংবাদ ২৪ ঘন্টা
২৬ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে ঐতিহ্যবাহী নওহাটা পশুর হাট। প্রতি বছরের মতো এবারও হাটজুড়ে ছিল গরু-ছাগলের বিপুল সমাগম। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ হাটে আশপাশের বিভিন্ন থানা ও জেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু-ছাগল নিয়ে আসেন। অনুকূল আবহাওয়ার কারণে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা যায়, হাটের ভেতর জায়গা সংকুলান না হওয়ায় গরু-ছাগলের সারি হাট ছাড়িয়ে রাস্তার আনসার ক্যাম্প পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। ক্রয়-বিক্রয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও হাটের ইজারা ও ছাড় খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেক ক্রেতা ও বিক্রেতা।
অভিযোগ রয়েছে, প্রতিটি ছাগলের জন্য ৭০০ টাকা এবং গরুর জন্য ১৫০০ টাকা করে ছাড় খরচ আদায় করা হচ্ছে। তবে আদায়কৃত টাকার কোনো নির্দিষ্ট হিসাব বা লিখিত উল্লেখ রসিদে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে হাট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
কর্তৃপক্ষের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, “ওপর মহল ম্যানেজ করেই সবকিছু পরিচালনা করা হচ্ছে।” তবে এ ধরনের আদায় বৈধ কি না কিংবা নির্ধারিত সরকারি হার অনুযায়ী নেওয়া হচ্ছে কি না—এ প্রশ্নেরও সন্তোষজনক উত্তর মেলেনি।
এদিকে অতিরিক্ত ছাড় খরচ ও স্বচ্ছতার অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা। তারা বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে এমন অতিরিক্ত অর্থ আদায় জনভোগান্তি বাড়াচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় সচেতন মহলের দাবি, পশুর হাটে ইজারা ও ছাড় আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি নির্ধারিত নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করা এখন সময়ের দাবি।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা