দাবি বাস্তবায়নে আহ্বান
পবায় দলিল লেখকদের সমাবেশ, সাত দফা দাবি
পবায় দলিল লেখকদের সমাবেশ, সাত দফা দাবি
সংবাদ ২৪ ঘন্টা
১৯ সেপ্টে ২০২৬
সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে পবা উপজেলায় বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় পবা উপজেলা দলিল লেখক সমিতির সেডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি এসএম আয়নাল হক। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সানাউল হক। সমাবেশে বক্তারা বলেন, জমি ক্রয়-বিক্রয়সহ নাগরিকদের বিভিন্ন ভূমি-সংক্রান্ত কাজে দলিল লেখকেরা সহযোগিতা করেন। একই সঙ্গে দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়েও তাঁরা ভূমিকা রাখছেন।
অথচ এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। বক্তারা আরও বলেন, ক্রেতা ও গ্রহীতা যে কাগজপত্র দেন, সেগুলোর ভিত্তিতেই দলিল লেখকেরা দলিল প্রস্তুত ও সম্পাদনের কাজ করেন। কোনো কাগজপত্রে ভুল বা অসংগতি থাকলে তার দায় দলিল লেখকদের ওপর দেওয়া উচিত নয়। তাঁরা দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করেন বলেও জানান বক্তারা। সমাবেশে প্রতিটি উপজেলায় খণ্ডকালীন সাব-রেজিস্ট্রারের পরিবর্তে বৈধ ও স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবি জানানো হয়।
দলিল লেখকদের পেশা সুরক্ষা ও তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেন বক্তারা। বক্তারা আরও বলেন, সাত দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি দলিল লেখকদের পেশার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নাগরিকদের জমি-সংক্রান্ত কাজে সহযোগিতা অব্যাহত রাখার এবং সব পর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলমগীর হোসেন, চারঘাটের মকিদুল ইসলাম ও রুস্তম আলী, ভবানীগঞ্জের ইদ্রিস আলী ও মামুনুর রশীদ মামুন, দুর্গাপুরের হাবিবুর হক বাচ্চু, গোদাগাড়ীর গিয়াস উদ্দিন, তানোরের আব্দুস সালাম, জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যরা। এ সময় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা