সংসদ সদস্যের বাড়িতে হামলা
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মালেকের বাসভবনে বোমা হামলা
সিলেট প্রতিনিধি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়ির টিনের চালে পেট্রোলবোমা নিক্ষেপ করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সময় বাড়িতে সংসদ সদস্য এম এ মালেক ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সংসদ সদস্যের বাড়িতে এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা