শিশু রামিসা হত্যার বিচার দাবি: বিভিন্ন সংগঠনের বিক্ষোভ-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৫:৫৭ এএম আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:১৭ পিএম ৫ বার পঠিত
শিশু রামিসা হত্যার বিচার দাবি: বিভিন্ন সংগঠনের বিক্ষোভ-মানববন্ধন

শিশু রামিসা হত্যার বিচার দাবি: বিভিন্ন সংগঠনের বিক্ষোভ-মানববন্ধন

সংবাদ ২৪ ঘন্টা
২৩ মে ২০২৬
শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে বিভিন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। শুক্রবার (২২ মে) এই বিক্ষোভ করে সংগঠনগুলো। এদিন দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। জুম্মার নামাজের পর নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, মহানগর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মাহমুদুল হাসান মাসুম এবং আইটি সম্পাদক মো. আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। একই দাবিতে নগরীর জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে বক্তারা রামিসা হত্যাকারীর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অপরাধীকে জনসম্মুখে কঠোর শাস্তি দিতে হবে। বক্তারা এ সময় মহানবী (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ পরিচালনার আহ্বান জানান। তারা অপরাধীর বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে রাখার দাবি জানান। এদিকে রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মহিলা সংস্থা। বিকেলে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়, যা সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে মনি চত্বর হয়ে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে সারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়েই চলেছে, যা চরম উদ্বেগজনক। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহিলা সংস্থার রাজশাহী অঞ্চলের পরিচালক শারমিন আক্তার বনি, মহিলা সংস্থার সেক্রেটারি মোসা. শাহিনা আক্তার, সূরা সদস্য ড. ফাতেমা সিদ্দিকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কিসমত আরা কল্পনাসহ অন্যান্য নেতৃবৃন্দ। শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন এবং নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে রামিসার হত্যাকারীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসির রায় কার্যকর করতে হবে। নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই এ ধরনের অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক আব্দুস ছামাদ, প্রথম আলো’র রাজশাহী প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম আজাদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোস্তাফিজ গনি এবং জাতীয় পর্যায়ের নৃত্যশিল্পী আলোরনি মৈত্র। এছাড়াও কর্মসূচিতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।