১১ থেকে ২০তম গ্রেডের পদের জন্য তাগিদ
স্বাস্থ্য অধিদপ্তরে সাড়ে ৩৪ হাজার শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ
স্বাস্থ্য অধিদপ্তরে সাড়ে ৩৪ হাজার শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ
সংবাদ ২৪ ঘন্টা
০৩ আগ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ১১ থেকে ২০তম গ্রেডের ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনস্বার্থে সেবা কার্যক্রম সচল ও বেগবান রাখতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব সুজিৎ দেবনাথের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের কাছে পাঠানো হয়েছে।
পদের বিবরণ ও পরিসংখ্যান
চিঠির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রেডভিত্তিক শূন্য পদের বিবরণ:
১১ থেকে ১৬তম গ্রেড: ২০ হাজার ৮১৬টি পদ
১৭ থেকে ২০তম গ্রেড: ১৩ হাজার ৮৯৮টি পদ
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) অধীন হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস)-এর ডাটাবেজ বিশ্লেষণ করে এই শূন্য পদের তথ্য নিশ্চিত করা হয়েছে।
যেখানে নিয়োগ দেওয়া হবে
সারাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোতে বিপুলসংখ্যক পদ খালি থাকায় প্রান্তিক ও জেলা পর্যায়ে সেবাদানে বিঘ্ন ঘটছে। এই নির্দেশনার ফলে দেশের বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দ্রুত লোকবল নিয়োগের পথ সুগম হলো।
চিঠিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা ব্যবস্থার গতিশীলতা ধরে রাখতে এসব শূন্য পদে দ্রুত নিয়োগ নিশ্চিত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা