ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
৫ ও ১৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই, কঠোর থাকবে পুলিশ
৫ ও ১৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই, কঠোর থাকবে পুলিশ
সংবাদ ২৪ ঘন্টা
০৩ আগ ২০২৬
আগামী ৫ ও ১৫ আগস্টকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের দমনে পুলিশ মাঠে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও অভ্যন্তরীণ ব্যবস্থা
মাদকের বিষয়ে সরকারের নীতি পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ও পুলিশ বাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। কোনো পুলিশ সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তা সনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সদস্যকে সরাসরি চাকরিচ্যুত করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী বহন করবে না।
গুজব রোধে অবাধ তথ্যপ্রবাহের নির্দেশ
তথ্য প্রবাহের গুরুত্ব তুলে ধরে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান যুগে সঠিক সময়ে সঠিক তথ্য না দিলে সহজে গুজব ছড়িয়ে পড়তে পারে। এ কারণে মাঠে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের দ্রুত ও নির্ভুল তথ্য গণমাধ্যমকে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মানুষের কাছে সবসময় সঠিক বার্তা পৌঁছায়।
উক্ত মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, মুশফিকুর রহমান, মাহফুজ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা