পবার বড়বিল মাঠে ধান কাটার ধুম, ফলন ভালো হলেও দাম নিয়ে কৃষকের অসন্তোষ

পবা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৭:২৬ এএম আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম ১১৯ বার পঠিত
পবার বড়বিল মাঠে ধান কাটার ধুম, ফলন ভালো হলেও দাম নিয়ে কৃষকের অসন্তোষ

পবার বড়বিল মাঠে ধান কাটার ধুম, ফলন ভালো হলেও দাম নিয়ে কৃষকের অসন্তোষ

সংবাদ ২৪ ঘন্টা
২৪ মে ২০২৬
রাজশাহীর আকাশে-বাতাসে এখন আম আর লিচু পাকার মৌ মৌ মিষ্টি সুবাস। এরই মাঝে জেলার পবা উপজেলার কৃষকদের মাঝে যোগ হয়েছে ঘাম ঝরানো সোনালি ধান ঘরে তোলার আনন্দ। তীব্র তাপদাহ, কখনো আবার হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির লুকোচুরির মধ্যেই পবা উপজেলার বিখ্যাত ‘বড়বিল’ মাঠজুড়ে এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। আজ ২৪ মে, রোববার মাঠ ঘুরে দেখা যায়, চারিপাশে সোনালি ফসলের দোলানি আর কৃষকের ব্যস্ততা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। তবে ধানের ফলন চমৎকার হলেও বাজারমূল্য নিয়ে কিছুটা মলিন কৃষকের হাসি। সরেজমিনে বড়বিল মাঠে গিয়ে সুন্দলপুর গ্রামের বেশ কয়েকজন কৃষক ও জমির মালিকের সাথে কথা বলে জানা যায় এই উৎসবের নানা চিত্র। জমির মালিক আতাউর রহমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "মহান আল্লাহর অশেষ মেহেরবানী যে, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ক্ষতি ছাড়াই আমরা ফসল ভালোভাবে ঘরে তুলতে পারছি।" মাঠে কর্মরত কৃষক সাব্বির, রুবেল, মাসুদ, সেরুমোল্লা ও জব্বারসহ অনেকেই জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় মাঠের সোনালি ফসল অত্যন্ত সুন্দরভাবে কাটা ও মাড়াই করা যাচ্ছে। তারা জানান, এবার বড়বিলসহ উপজেলার বিভিন্ন মাঠে ব্রি-২৮, জিরা শাইল, খাটোজিরা ও বাশমতিসহ বিভিন্ন উচ্চ ফলনশীল ও সুগন্ধি জাতের ধানের চাষ করা হয়েছে। বিঘাপ্রতি গড় ফলনও হয়েছে বেশ ভালো—১৮ থেকে ২৫ মণ (৪০ কেজি হিসেবে) পর্যন্ত ধান মিলছে বিঘা প্রতি। ফসলের এমন বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি থাকার কথা থাকলেও, বাজারে ধানের দাম নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় চাষিরা। কৃষকদের অভিযোগ, বিগত সময়ের তুলনায় এবার মণপ্রতি ধানের দাম প্রায় ৪০০ থেকে <০ টাকা পর্যন্ত কম। ফলে উৎপাদন খরচ ও হাড়ভাঙা খাটুনির বিপরীতে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তারা শঙ্কিত। ক্ষতি পুষিয়ে নিতে এবং কৃষকদের বাঁচাতে সংবাদমাধ্যমের বরাতে বাংলাদেশ সরকারের কাছে ধানের বাজারমূল্য বৃদ্ধি ও সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন পবার সাধারণ কৃষকেরা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।