১০ আগস্টের পর আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

স্কুলে ভর্তিতে পরীক্ষা নাকি লটারি? সিদ্ধান্ত বদলাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

জাতীয় ডেক্স প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম ৪ বার পঠিত
স্কুলে ভর্তিতে পরীক্ষা নাকি লটারি? সিদ্ধান্ত বদলাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

স্কুলে ভর্তিতে পরীক্ষা নাকি লটারি? সিদ্ধান্ত বদলাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

সংবাদ ২৪ ঘন্টা
০৩ আগ ২০২৬
সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার পূর্ব ঘোষণা থেকে পিছু হটার চিন্তা করছে সরকার। ভর্তি পরীক্ষার কারণে ছোট শিশুদের ওপর তৈরি হওয়া অতিরিক্ত মানসিক চাপের কথা বিবেচনা করে আগামী শিক্ষাবর্ষেও লটারি পদ্ধতি বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শীর্ষ কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানান, স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে নীতিগত পর্যায়ে আলোচনা চলছে। কোমলমতি শিক্ষার্থীদের ওপর থেকে ভর্তি পরীক্ষার বাড়তি চাপ কমাতেই মূলত এই চিন্তাভাবনা করা হচ্ছে। চলতি আগস্ট মাসের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এদিকে মাউশির এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সার্বিকভাবে লটারি বহাল রাখা হবে নাকি নির্দিষ্ট কিছু শ্রেণিতে পরীক্ষা ও লটারির সংমিশ্রণ থাকবে—তা পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে ভর্তি কমিটিকে। আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর নীতি নির্ধারকদের বৈঠকের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে ভর্তি প্রথা থেকে লটারি ব্যবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তখন তিনি জানিয়েছিলেন, বছরের শুরুর ভর্তি প্রক্রিয়ায় লটারির বদলে পরীক্ষার আয়োজন করা হবে। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই সার্বিক দিক বিবেচনা করে পুনরায় লটারি প্রথায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা বিভাগ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।