যুক্তরাষ্ট্রে দাবানলের তাণ্ডব: পুড়ে ছাই ৬০০ স্থাপনা, বাস্তুচ্যুত ৬০ হাজার মানুষ
যুক্তরাষ্ট্রে দাবানলের তাণ্ডব: পুড়ে ছাই ৬০০ স্থাপনা, বাস্তুচ্যুত ৬০ হাজার মানুষ
সংবাদ ২৪ ঘন্টা
০৩ আগ ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে অনিয়ন্ত্রিত দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। বাতাসের তোড়ে ছড়িয়ে পড়া আগুনে ইতোমধ্যে অন্তত ৬০০টি ঘরবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আগুন থেকে বাঁচাতে সংশ্লিষ্ট অঞ্চলের অন্তত ৬০ হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি নিউজ’-এর বরাত দিয়ে রাজ্য কর্তৃপক্ষ জানায়, আগুনের তীব্রতায় ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন এবং এর চারপাশের প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি স্থানান্তরের আওতায় স্পোকেনের ‘মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স’ হাসপাতালের রোগীদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, লোকালয়ের একদম কাছাকাছি দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা এবং আকাশে উড়ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। অনেক জায়গায় ঘরবাড়ির কেবল পোড়া চিমনিগুলোই টিকে রয়েছে।
শুধু ওয়াশিংটনই নয়, সংলগ্ন পশ্চিম আইডাহো এবং পূর্ব ওরেগনের প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমি এলাকা জুড়েও আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করে টানা ১০ দিন ধরে অবিরাম কাজ করে যাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা। তবে সেখানে আরও প্রায় ৬০০ ঘরবাড়ি এবং ৮০০টি স্থাপনা সরাসরি অগ্নিকাণ্ডের চরম ঝুঁকিতে রয়েছে।
আগামী দিনগুলোতে আবহাওয়া আরও শুষ্ক থাকার পূর্বাভাস থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেন, “আমরা এখনো বিপদমুক্ত নই। সামনের দিনগুলো অত্যন্ত সংকটপূর্ণ হতে যাচ্ছে।”
বিদ্যমান পরিস্থিতিতে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম আইডাহো এবং পশ্চিম মন্টানাজুড়ে বায়ুর মান নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পাশাপাশি প্রচণ্ড দাবদাহ ও আগুনের তীব্র ঝুঁকির কারণে ইউটা, নেভাদা, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনাতেও বিশেষ আবহাওয়া সতর্কতা বলবৎ রয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা