পরিচ্ছন্নতায় উদ্যোগ
২৬ নম্বর ওয়ার্ডে ডাস্টবিন স্থাপন করলেন প্রার্থী নাইম
২৬ নম্বর ওয়ার্ডে ডাস্টবিন স্থাপন করলেন প্রার্থী নাইম
সংবাদ ২৪ ঘন্টা
২৮ আগ ২০২৬
রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করেছেন সিটি করপোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব রহমান নাইম।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ভদ্রা প্রাইমারি স্কুল এলাকা থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও ডাস্টবিন স্থাপন করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, ওয়ার্ডে বাসাবাড়ির বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত নির্দিষ্ট স্থান না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান এলাকায় এলে ময়লা দেওয়া সম্ভব হলেও ভ্যান চলে যাওয়ার পর বর্জ্য ফেলার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেক সময় যত্রতত্র ময়লা ফেলতে হয়। এতে বিভিন্ন স্থানে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশও নোংরা হচ্ছে।
এ সমস্যা বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন নাইম। তার দাবি, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার সুযোগ তৈরি হলে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমবে এবং পরিচ্ছন্নতাকর্মীরাও সহজে সেখান থেকে বর্জ্য সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে নাইমের এ উদ্যোগ প্রশংসনীয়। ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে স্থানীয়দের মধ্যে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাসও গড়ে উঠবে।
মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, বিপ্লব রহমান নাইম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে মানুষের পাশে রয়েছেন। ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো সমাধানে তাঁর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়তে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ কাজে স্থানীয় বাসিন্দাদেরও সচেতনভাবে সহযোগিতা করতে হবে।
বিপ্লব রহমান নাইম বলেন, ‘আমি এই ওয়ার্ডেরই মানুষ। এখানকার মানুষের সমস্যা আমারও সমস্যা। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পর বর্জ্য ফেলা নিয়ে মানুষের যে ভোগান্তি হতো, তা বিবেচনা করেই বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছি।’
তিনি বলেন, শুধু ডাস্টবিন স্থাপন করলেই পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে উঠবে না। সবাইকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং ডাস্টবিন ব্যবহারে সচেতন হতে হবে। এলাকাবাসীর সহযোগিতা পেলে ২৬ নম্বর ওয়ার্ডকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব।
কাউন্সিলর নির্বাচিত হলে পরিচ্ছন্নতার পাশাপাশি রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সড়কবাতি ও নিরাপদ চলাচল, বিশুদ্ধ পানির ব্যবস্থা, যুব ও ক্রীড়া উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা