ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ
দুই দিনে ভারত থেকে দেশে এলো ৫০০ টন ইলিশ
দুই দিনে ভারত থেকে দেশে এলো ৫০০ টন ইলিশ
সংবাদ ২৪ ঘন্টা
১৪ সেপ্টে ২০২৬
বাংলাদেশের ইলিশ সাধারণত ভারতের বাজারে যায়। এবার সেই বাণিজ্যিক প্রবাহে দেখা দিয়েছে উল্টো চিত্র। ভারত থেকেই বাংলাদেশে ঢুকছে ইলিশ। গত দুই মাসে গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে পৌঁছেছে। ভারতীয় মাছ ব্যবসায়ীদের ধারণা, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন মাছ বাংলাদেশে আসতে পারে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হাওড়ার পাইকারি মাছ আমদানিকারকদের সংগঠনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাছ পাঠানো হলেও ইলিশ আমদানির ঘটনা এবারই আলাদা করে নজরে এসেছে। সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন মাছ বাংলাদেশে যায়।
বাংলাদেশে আসা ইলিশের একটি বড় অংশ সংগ্রহ করা হচ্ছে গুজরাট থেকে। ভরুচ বন্দর ব্যবহার করে এসব মাছের চালান বাংলাদেশে পাঠানো হচ্ছে। পাশাপাশি হাওড়ার পাইকারি মাছের বাজার ঘুরেও কিছু ইলিশ বাংলাদেশে যাচ্ছে।
গুজরাটের ইলিশ স্থানীয় বাজারে খুব বেশি জনপ্রিয় নয়। মাছ ব্যবসায়ীদের মতে, এসব ইলিশে ডিমের পরিমাণ তুলনামূলক বেশি এবং স্বাদে কিছুটা নোনাভাব রয়েছে। এ কারণে ভারতের বিভিন্ন এলাকায় এর চাহিদা সীমিত।
তবে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমওয়ালা ইলিশের আলাদা চাহিদা রয়েছে। সেই চাহিদাকেই কাজে লাগিয়ে গুজরাটের ইলিশের জন্য বাংলাদেশে নতুন বাজার তৈরি হয়েছে।
ফলে এবার ইলিশের বাণিজ্যে দেখা যাচ্ছে অস্বাভাবিক এক প্রবাহ—যে দেশের ইলিশ বিদেশে যায়, সেই বাংলাদেশেই এখন প্রতিবেশী দেশ থেকে ইলিশ আমদানি হচ্ছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা