ময়লার স্তূপ ও বাঁকা রডে ঝুঁকিপূর্ণ পথচারী চলাচল

ফুটপাতের ওপর ময়লার ভাগাড়, তবুও চলছে সৌন্দর্যবর্ধনের কাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম ৭ বার পঠিত
ফুটপাতের ওপর ময়লার ভাগাড়, তবুও চলছে সৌন্দর্যবর্ধনের কাজ
তেরোখাদিয়ায় ড্রেনের ওপর নির্মিত সরু ফুটপাতে বাঁকা রড, চলাচলে ঝুঁকি

ফুটপাতের ওপর ময়লার ভাগাড়, তবুও চলছে সৌন্দর্যবর্ধনের কাজ

সংবাদ ২৪ ঘন্টা
১৬ সেপ্টে ২০২৬
রাজশাহী নগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের প্রাচীরসংলগ্ন এলাকায় ফুটপাতের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে পথচারীদের স্বাভাবিক চলাচলের জন্য ফুটপাতটি আরও নিরাপদ ও ব্যবহার উপযোগী করা প্রয়োজন, সেখানে ফুটপাতের ওপর দীর্ঘদিন ধরে পড়ে আছে ময়লার স্তূপ। এর পাশাপাশি ফুটপাতের ঢাকনার ওপর বেরিয়ে রয়েছে একাধিক বাঁকা রড। ফলে সৌন্দর্যবর্ধনের কাজ হলেও পথচারীদের নিরাপদ চলাচল নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সরেজমিনে দেখা যায়, তেরোখাদিয়া স্টেডিয়ামের প্রাচীর ঘেঁষে ড্রেনের ওপর নির্মাণ করা হয়েছে সরু একটি ফুটপাত। ফুটপাতের বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা জমে আছে। শুধু ফুটপাত নয়, এর পাশের রাস্তার একটি অংশজুড়েও রাতদিন পড়ে থাকতে দেখা যায় দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ। এতে ওই এলাকায় পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের চলাচলেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ না করায় ফুটপাতের একটি অংশ অনেকটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধের কারণে পথচারীদের অনেক সময় নাক-মুখ ঢেকে চলাচল করতে হয়। অথচ একই এলাকায় ফুটপাতের সৌন্দর্যবর্ধনের কাজ হিসেবে টালি বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, ড্রেনের ওপর নির্মিত ফুটপাতের ঢাকনার বিভিন্ন অংশ থেকে বাঁকা বাঁকা লোহার রড বেরিয়ে রয়েছে। সরু ফুটপাত দিয়ে চলাচলের সময় এসব রড পথচারীদের জন্য দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও অসতর্ক পথচারীরা এতে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় স্থানীয়দের প্রশ্ন—যে ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটাই কঠিন, যেখানে ময়লার স্তূপ পড়ে থাকে এবং ফুটপাতের বিভিন্ন অংশে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, সেখানে শুধু টালি বসিয়ে বা রংচং করে সৌন্দর্যবর্ধন করলেই কি সমস্যার সমাধান হবে? স্থানীয়দের মতে, প্রথমে ফুটপাতের ওপর জমে থাকা ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ, বেরিয়ে থাকা রড অপসারণ, ফুটপাতের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা প্রয়োজন। এরপর সৌন্দর্যবর্ধনের কাজ করা হলে সেটি আরও কার্যকর ও জনবান্ধব হবে। নগরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফুটপাতটি নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ময়লা ফেলার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।