জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম ১৭ বার পঠিত
জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

সংবাদ ২৪ ঘন্টা
১৫ জুল ২০২৬
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের গৌরব নয়, বরং একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রেরণা। বুধবার (১৫ জুলাই) দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত হবে। প্রধানমন্ত্রী স্মরণ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন নিহত হন। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল এবং তা আন্দোলনে নতুন গতি এনে দেয়। তিনি আরও বলেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার সেই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং জনগণ নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ লাভ করে। প্রধানমন্ত্রী বলেন, ১৬ জুলাই জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। রাষ্ট্রীয় নিপীড়ন, প্রাণঘাতী শক্তির ব্যবহার এবং ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র-জনতার সাহসী প্রতিরোধ জাতির বিবেককে জাগ্রত করেছিল। বিশেষ করে আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে একটি অনন্য প্রতীক হয়ে থাকবে। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দমন-পীড়ন, দুর্নীতি, গুম, খুন, লুণ্ঠন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের মানুষ তাদের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, জুলাই শহীদদের রক্ত কখনোই বৃথা যাবে না।তাঁদের আদর্শ ধারণ করেই একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। বাণীর শেষে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।