নন্দীগ্রামে স্কুলের ল্যাবরেটরিতে চুরি, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা
নন্দীগ্রামে স্কুলের ল্যাবরেটরিতে চুরি, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা
সংবাদ ২৪ ঘন্টা
১৬ জুন ২০২৬
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শেষে খোলার আগেই বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবরেটরিতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। ল্যাবরেটরি কক্ষের দরজা ও পাঁচটি আলমারির তালা ভেঙে পদার্থবিজ্ঞান বিষয়ের বেশ কিছু মূল্যবান ব্যবহারিক উপকরণ চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
আগামী ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় এই ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে ২০২৬ থেকে ৪ জুন ২০২৬ তারিখ পর্যন্ত বিদ্যালয়টিতে সাধারণ ছুটি ছিল। ছুটি শেষে আগামী ৭ জুন থেকে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার কথা।
পরীক্ষার প্রস্তুতি হিসেবে ল্যাবরেটরি কক্ষ গোছানোর জন্য গত ৪ জুন পদার্থবিজ্ঞান বিষয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাবু গিরিশ চন্দ্র ল্যাবরেটরিতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান ল্যাবরেটরি কক্ষের মূল দরজার তালাটি খোলা অবস্থায় রয়েছে। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, ল্যাবরেটরিতে রক্ষিত পাঁচটি আলমারির তালা ভেঙে ভেতরের মূল্যবান বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ব্যবহারিক উপকরণগুলো লুট করে নিয়ে গেছে চোর চক্র।
বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তালিকা অনুযায়ী ল্যাবরেটরি থেকে হারিয়ে যাওয়া উপকরণের মধ্যে রয়েছে— ১টি অ্যামিটার, ২টি স্ক্রু গজ, ২টি স্লাইড ক্যালিপার্স, ২টি দণ্ড চুম্বক, ১টি চুম্বকের বক্স সেট, ১টি গ্যালভানোমিটার, ৪টি স্টপ ওয়াচ, ২টি ভোল্টমিটার, ৩টি কম্পাস কাঁটা, ১টি সরল পেরিস্কোপ এবং ১টি মূল্যবান বাইনোকুলার।
দীর্ঘ ছুটির সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার ঠিক আগমুহূর্তে ল্যাবরেটরির এই অপরিহার্য উপকরণগুলো হারিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষক ও পরীক্ষার্থীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্তপূর্বক ল্যাবরেটরির মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
এই চুরির ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, "সামনেই ব্যবহারিক পরীক্ষা। ল্যাবরেটরির এই চুরির ঘটনা আমাদের বড় ক্ষতির মুখে ফেলেছে। আমরা বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানিয়েছি।"
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির রহস্য উদঘাটনসহ ল্যাবরেটরির মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা