পরিবেশ রক্ষা ও নতুন বিনিয়োগ আকর্ষণে বেজার একগুচ্ছ সিদ্ধান্ত
অর্থনৈতিক অঞ্চলগুলোকে ‘গ্রিন হাব’ হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
অর্থনৈতিক অঞ্চলগুলোকে ‘গ্রিন হাব’ হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবাদ ২৪ ঘন্টা
০৩ আগ ২০২৬
শিল্পায়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশবান্ধব, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, দেশের অর্থনৈতিক অঞ্চলের পরিধি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় বেজার সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইপিজেডে রোপণ করা হবে ১ লাখ ২৫ হাজার চারা
সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের সবকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ইপিজেডে মোট ১ লাখ ২৫ হাজার গাছ লাগানো হবে। শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি সবুজ বেষ্টনী বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
অব্যবহৃত সরকারি সম্পদের ব্যবহারের উদ্যোগ
সভায় বোর্ডের পূর্ববর্তী সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর সার্বিক কার্যক্রম মূল্যায়ন করা হয়। এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে অব্যবহৃত থাকা জমি ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী করিম জুট মিলস এবং লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের খালি জমি ও অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা পরীক্ষা করে দেখা হয়েছে। এসব স্থানে আধুনিক শিল্প কারখানা গড়ে তুলে দেশি-বিদেশি বড় বিনিয়োগ টানা, নতুন কর্মসংস্থান তৈরি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।
পাশাপাশি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স প্রদান ও আবেদন প্রক্রিয়ায় সঠিক দিকনির্দেশনা মেনে চলা এবং এ সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।
উচ্চপর্যায়ের এই গভর্নিং বোর্ড সভায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা