রুবেলের নেতৃত্বে মিছিল
রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সংবাদ ২৪ ঘন্টা
১০ সেপ্টে ২০২৬
জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের কথিত দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে মিছিলটি মোহনপুর থানার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক আরিফ সরকার, মেহেদী হাসান টুটুন এবং মোহনপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সজীব ও সদস্য সচিব সাব্বির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে মাহমুদুল হাসান রুবেল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। এ সময় একটি চক্র দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে ছাত্রদল ঘরে বসে থাকবে না। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভবিষ্যতেও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার প্রস্তুতি রয়েছে।
তিনি দাবি করেন, ১৯৭১ সালের পরাজিত শক্তির উত্তরসূরিরা বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে মাহমুদুল হাসান রুবেল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, ‘হাসিনা দিল্লি পালিয়েছে, এবার রাজাকারের বংশধরদের পাকিস্তানে পাঠানো হবে।’ এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা