আবাসিক ভবন ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠন
সরকারি আবাসিক ভবনে ৭ সদস্যের কমিটি
সরকারি আবাসিক ভবনে ৭ সদস্যের কমিটি
সংবাদ ২৪ ঘন্টা
১০ আগ ২০২৬
সরকারি আবাসন পরিদপ্তরের ব্যবস্থাপনাধীন সরকারি আবাসিক এলাকাগুলোর ভবনে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সুষ্ঠু আবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভবনভিত্তিক ‘ভবন ব্যবস্থাপনা কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. জহিরুল ইসলাম খানের স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, প্রতিটি ভবনে বরাদ্দপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্য থেকে সরাসরি ভোটের মাধ্যমে সাত সদস্যের কমিটি গঠন করতে হবে। কোনো কারণে ভোটগ্রহণ সম্ভব না হলে সংখ্যাগরিষ্ঠ বরাদ্দপ্রাপকদের সম্মতির ভিত্তিতে কমিটি নির্বাচন করা যাবে। কমিটির মেয়াদ হবে এক বছর।
সাত সদস্যের কমিটিতে একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন অর্থ সম্পাদক, একজন নিরাপত্তা ও পরিচ্ছন্নতা সম্পাদক, একজন মহিলা বিষয়ক সম্পাদিকা এবং দুজন কার্যকরি সদস্য থাকবেন।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ভবনে সরকারি আবাসন পরিদপ্তর থেকে বাসা বরাদ্দ পাওয়া সরকারি কর্মচারি ছাড়া অন্য কেউ কমিটির সদস্য হতে পারবেন না।
এ ছাড়া সরকারি আবাসনের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রমের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ‘বাংলাদেশ এলোকেশন রুলস, ১৯৮২’ এর পরিপন্থী কোনো কার্যক্রম, অননুমোদিত স্থাপনা, একাডেমি, সংঘ বা ক্লাব স্থাপন করা যাবে না। একই সঙ্গে আবাসিক এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড, বহিরাগতদের নিয়ে সাংগঠনিক সভা কিংবা শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যক্রমও করা যাবে না।
আদেশে আরও বলা হয়েছে, কমিটি গঠন করার পর কার্যক্রম শুরু করার আগে সরকারি আবাসন পরিদপ্তরের অনুমোদন নিতে হবে।
সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং কেন্দ্রীয় মনিটরিং কমিটির সভাপতি ভবন ব্যবস্থাপনা কমিটি গঠন ও তা সরকারি আবাসন পরিদপ্তরের অনুমোদনের ব্যবস্থা করবেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা