ট্রাক উল্টে খাদে পড়েছে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:১৩ এএম আপডেট : ২৬ মে ২০২৬, ০৫:২৪ পিএম ৪ বার পঠিত
ট্রাক উল্টে খাদে পড়েছে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১

ট্রাক উল্টে খাদে পড়েছে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১

সংবাদ ২৪ ঘন্টা
২৬ মে ২০২৬
দেশের ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা অবধি ওই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রড ও যাত্রীবাহী ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় যমুনা সেতুর পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত এবং বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে ও মা-মেয়ের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী তাদের ছয় বছরের শিশু সন্তান নিহত হয়েছে। সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ছাড়াও মুন্সীগঞ্জ, ঝালকাঠি, মানিকগঞ্জ ও গোপালগঞ্জে একজন করে চারজনের মৃত্যু হয়েছে। ট্রাকে করে ইদযাত্রা, উল্টে ১৫ জন নিহত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রড ও যাত্রী বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে করে ইদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি এ তথ্যটি নিশ্চিত করেন। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অপর সড়ক দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়ে।ে যমুনা সেতুর পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. মোস্তাফিজুর রহমান (৩২) নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ২ নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাটি চাপে দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ডাম্প ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বগুড়ায় দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ চার জনের বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। ইদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। সোমবার (২৫ মে) সকালে উপজেলার বনানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনার সুজার উপজেলার নাজিরগঞ্জ গ্রামের এরশাদ আলীর ছেলে আনিসুর রহমান (৩৫) ও আনিসুরের মেয়ে আয়েশা (৪)। আহতের নাম পুষ্পা আক্তার। অন্যদিকে, বগুড়ার নওগাঁ-বগুড়া মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজীপাড়া এলাকার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) ও তার মেয়ে তণু আক্তার (২০)। আহত হয়েছেন অটোরিকশাচালক শাওন মিয়া (১৮)। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক শাওন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মুন্সিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার দোগাছি সেনা ক্যাম্পের পাশে ফুটওভার ব্রিজের নিচে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। সোমবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংঘর্ষের পর একটি ট্রাকের ভেতরে চালক আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালকের নাম মো. হোসেন। তার বাড়ি চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিমপাড়ায়। নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ঝালকাঠিতে ভেকুর ধাক্কায় ব্র্যাক কর্মী নিহত ইদের ছুটিতে বাড়ি ফেরার পথে ঝালকাঠির রাজাপুরে ভেকুর (এক্সকাভেটর) ধাক্কায় সিহাব উদ্দীন (৩৬) নামে ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকার বাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দীন বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মাকসুদুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং ইদের ছুটিতে কর্মস্থল ভান্ডারিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। গোপালগঞ্জে নিহত ১, আহত ১৫ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল কালামের ছেলে আব্দুল করিম (২৮), কোটালীপাড়া উপজেলার বাগান উত্তর পাড়া গ্রামের সামাদ শেখের ছেলে হালিম শেখ (৫৮), একই উপজেলার টুপুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজুর রহমান (৪৫), একই গ্রামের কালাম মোল্লার মেয়ে ফাতেমা (৪২), আজিজুর রহমানের মেয়ে তাহসিনা (২০), একই উপজেলার বন্দে আলীর ছেলে রিফাত আলী (২০), একই উপজেলার মাঝবাড়ী গ্রামের দাউদ দাড়িয়ার ছেলে মামুন দাড়িয়া (৪২) ও প্রাইভেট কারের চালক খুলনার ছোট বয়রার লোকমান ফরাজী ছেলে রাব্বি (২৯)। কিশোরগঞ্জে বাইক আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী তাদের ছয় বছরের শিশু সন্তান নিহত হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদের সড়কের মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- মিঠামইন উপজেলার মহিষা কান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও সন্তান আয়ান (৬)। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন মনির হোসেন। পথে মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগণ সেটি আটক করে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পাবনার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে সারা খাতুন (৮) ও শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের আলমগীরের ছেলে আহম্মদ (৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে লবণবোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সারা খাতুন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। মানিকগঞ্জে নিহত ১ মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের কিটিংচর এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি নম্বরবিহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী নম্বরবিহীন মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মো. কাউসার আহম্মেদ (১৮) ঘটনাস্থলেই মারা যান। তিনি সিংগাইর উপজেলার আঠালিয়া এলাকার মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে। এ ঘটনায় অপর আরোহী মো. আরাফাতকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তথ্যসূত্র: বাংলাট্রিবিউন, বাংলানিউজ, ঢাকাপোস্ট, রাইজিংবিডি, আজকের পত্রিকা অনলাইন

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।