যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
সংবাদ ২৪ ঘন্টা
০৬ মে ২০২৬
বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের পাইপপট্টি বাজারে নকল পানির পাম্প বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ৬মে বিকালে বিশেষ এক অভিযানে শহরের এম এম আলী রোডে অবস্থিত মেসার্স জেসকো ট্রেডার্সে তল্লাশি চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মুস্তাফিজুর রহমান রিপনের বিরুদ্ধে নকল ‘মার্কুইস’ ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে যশোরের ষষ্ঠীতলা এলাকার একটি গুদাম থেকে ২০টি নকল পাম্প উদ্ধার করা হয়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বাজারের পাঁচটি স্যানিটারি প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালানো হয়।
সূত্র জানায়, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড চীনের নিংবো মার্কুইস হাই-টেক কোম্পানি লিমিটেডের ‘মার্কুইস’ ব্র্যান্ডের পানির পাম্পের বাংলাদেশের একমাত্র বৈধ আমদানিকারক ও পরিবেশক। প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক ‘নাইস শ্রেণিবিন্যাস’ অনুযায়ী বৈদ্যুতিক মোটর ও পানির পাম্পের জন্য তাদের ট্রেডমার্ক নিবন্ধিত রয়েছে, যা বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে স্বীকৃত।
প্রতিষ্ঠানটির অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ‘মার্কুইস’ ব্র্যান্ডের নাম, লোগো, ঠিকানা ও ওয়ারেন্টি কার্ড হুবহু নকল করে নিম্নমানের পাম্প বাজারজাত করছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা