এক কিলোমিটার সড়কই যেন লাখো মানুষের দুর্ভোগের কারণ, এক যুগেও মিলেনি সংস্কার
এক কিলোমিটার সড়কই যেন লাখো মানুষের দুর্ভোগের কারণ, এক যুগেও মিলেনি সংস্কার
সংবাদ ২৪ ঘন্টা
১১ জুল ২০২৬
রাজশাহীর কাটাখালি–দুর্গাপুর সড়কের মাত্র এক কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার লক্ষাধিক মানুষ।১১ জুলাই (শনিবার) গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি প্রায় এক যুগ ধরে সংস্কারের অপেক্ষায় থাকলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, কাটাখালি–দুর্গাপুর সড়কের এই অংশটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। খানাখন্দে ভরা রাস্তায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিপাত হলেই সড়কটি কাদায় পরিণত হয়। কোথাও কোথাও বড় বড় গর্তে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চালকদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, মাত্র এক কিলোমিটার রাস্তার কারণে প্রতিদিন তাদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। সরাসরি যাতায়াতের সুযোগ না থাকায় ভড়ুয়াপাড়া হয়ে ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, এতে সময় ও অর্থ—দুই-ই বেশি ব্যয় হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি রোগী পরিবহনে এ দুর্ভোগ আরও প্রকট হয়ে ওঠে।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, এই সড়কটি সচল থাকলে পণ্য পরিবহন অনেক সহজ হতো। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে পরিবহন ব্যয় বেড়েছে এবং অনেক যানবাহন এই পথে চলতে অনাগ্রহ প্রকাশ করছে। ফলে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা হলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। বিভিন্ন সময়ে সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে কাজের অগ্রগতি দেখা যায়নি। ফলে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। কাদা ও পানিতে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনও দ্রুত চলাচল করতে পারে না, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, মাত্র এক কিলোমিটার এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হলে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘ এক যুগের অবহেলার অবসান ঘটিয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করা হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা