পদ্মা আবাসিকে বাস চলাচল, বাড়ছে যানজট ও ছিনতাই: বাসিন্দাদের প্রশ্ন—কবে মিলবে সমাধান?

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম ২১ বার পঠিত
পদ্মা আবাসিকে বাস চলাচল, বাড়ছে যানজট ও ছিনতাই: বাসিন্দাদের প্রশ্ন—কবে মিলবে সমাধান?

পদ্মা আবাসিকে বাস চলাচল, বাড়ছে যানজট ও ছিনতাই: বাসিন্দাদের প্রশ্ন—কবে মিলবে সমাধান?

সংবাদ ২৪ ঘন্টা
১০ জুল ২০২৬
রাজশাহী মহানগরের অন্যতম অভিজাত আবাসিক এলাকা পদ্মা আবাসিক এলাকায় দিনের পর দিন বাস চলাচল অব্যাহত থাকায় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যানজট, শব্দদূষণ, নিরাপত্তাহীনতা এবং ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার ভেতর দিয়ে বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে এলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। স্থানীয়দের অভিযোগ, নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাসগুলোর বাইপাস সড়ক ব্যবহার করে নাটোরসহ বিভিন্ন গন্তব্যে চলাচলের কথা থাকলেও বাস্তবে অনেক বাস শহরের ভেতরের সড়ক ব্যবহার করছে। ফলে পদ্মা আবাসিক এলাকার সড়কে নিয়মিত ভারী যানবাহনের চাপ সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তি দেখা যায় ভদ্রা রেলগেট মোড়ে। ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর সঙ্গে সড়কের পাশে বাস থামানো ও যাত্রী ওঠানামার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। নগরীতে একাধিক ফ্লাইওভার নির্মিত হলেও গুরুত্বপূর্ণ এই মোড়ে এখনো কোনো উড়ালসেতু না থাকায় সমস্যা দিন দিন প্রকট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। বাসিন্দাদের দাবি, আবাসিক এলাকার ভেতর দিয়ে বাস চলাচল অব্যাহত থাকায় শুধু যানজটই নয়, নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। সম্প্রতি সিসিডির কর্মকর্তা সুব্রতা পাল ও তাঁর স্ত্রী ছিনতাইকারীদের কবলে পড়ে কয়েক লাখ টাকার স্বর্ণালংকার হারানোর ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, বহিরাগতদের অবাধ যাতায়াত বাড়ায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। পদ্মা আবাসিক এলাকার বাসিন্দারা বলছেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাস চলাচল বন্ধের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের প্রশ্ন—আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ, নিরাপত্তা ও নাগরিক স্বস্তি ফিরিয়ে আনতে এই সড়কে বাস চলাচল কবে বন্ধ হবে? এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, রাজশাহী সিটি করপোরেশন, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পদ্মা আবাসিক এলাকাকে আবারও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশে ফিরিয়ে আনা হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।