উপশহর নিউমার্কেটের বাইরে চাঁদাবাজির অভিযোগ: ভ্যানপ্রতি আদায় ৩০–৪০ টাকা, ক্ষোভ ব্যবসায়ীদের
উপশহর নিউমার্কেটের বাইরে চাঁদাবাজির অভিযোগ: ভ্যানপ্রতি আদায় ৩০–৪০ টাকা, ক্ষোভ ব্যবসায়ীদের
সংবাদ ২৪ ঘন্টা
১১ জুল ২০২৬
রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেটকে কেন্দ্র করে নির্ধারিত ইজারা এলাকার বাইরে বিভিন্ন স্থানে ভ্যান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ১১ জুলাই (শনিবার) ব্যবসায়ীদের দাবি, সিটি করপোরেশনের ইজারার সীমা অতিক্রম করে উত্তরা ক্লিনিক মোড়, কড়াইতলা মসজিদ এলাকা থেকে শুরু করে কামরুজ্জামান কলেজ পর্যন্ত নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী সিটি করপোরেশনের অধীনে উপশহর নিউমার্কেট ইজারা দেওয়া হলেও ইজারাদারের লোকজন বাজারের নির্ধারিত সীমানার বাইরেও ভ্যানচালক ও অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন চাঁদা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।
ব্যবসায়ীরা জানান, ৫ আগস্টের আগে একটি ভ্যান থেকে সর্বোচ্চ ২০ টাকা নেওয়া হলেও বর্তমানে সর্বনিম্ন ৩০ টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে ৪০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে তাদের ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় আর্থিক চাপও বাড়ছে।
নিউমার্কেটের বাইরের ব্যবসায়ীদের অভিযোগ, তারা জেলার বিভিন্ন এলাকা থেকে সবজি, কলা, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য নিয়ে রাজশাহীতে বিক্রি করতে আসেন। কিন্তু বাজারের বাইরে অবস্থান করেও তাদের কাছ থেকে ইজারার নামে অর্থ আদায় করা হচ্ছে, যা তারা সম্পূর্ণ অনিয়ম বলে দাবি করছেন।
একাধিক ব্যবসায়ী বলেন, "নিউমার্কেটের বাইরে চাঁদা নেওয়ার কোনো নিয়ম নেই। তারপরও ব্যবসা করতে হলে বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে। প্রতিবাদ করলে নানা ধরনের হয়রানির আশঙ্কা থাকে।"
ব্যবসায়ীরা বিষয়টি তদন্ত করে ইজারার নির্ধারিত সীমানার বাইরে চাঁদা আদায় বন্ধে রাজশাহী সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তবে এ বিষয়ে ইজারাদার বা রাজশাহী সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা