বজ্রপাতে নওগাঁয় ৩ কৃষকের মৃত্যু, আহত ২
বজ্রপাতে নওগাঁয় ৩ কৃষকের মৃত্যু, আহত ২
সংবাদ ২৪ ঘন্টা
০৬ মে ২০২৬
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতে দিলীপ বর্মন (৪৫), অনুকুল চন্দ্র মাহন্তসহ অপর এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ কৃষক গুরতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মহাদেবপুর উপজেলার আলিদেওনা কুড়াপাড়া গ্রামে ও নিয়ামতপুরের রামনগর এবং খোদ্দচাম্পা গ্রামে।
নিহতরা হলো, মহাদেবপুরের কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মণের ছেলে দিলীপ চন্দ্র বর্মণ, নিয়ামতপুরের রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকুল চন্দ্র মাহন্ত ও পার্শ্ববর্তী চাঁপাইনবয়াবগঞ্জ জেলার এক কৃষক। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন ও মৃত লক্ষণের ছেলে নারায়ণ।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দিলীপ বর্মণ, জীবন ও নারায়ণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাতে ঘটলে দিলীপ বর্মণের মৃত্যু হয় এবং জীবন ও নারায়ণ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং জেলার নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে নিয়ে আসার সময় বজ্রপাত ঘটে। সে সময় ঘটনাস্থলেই অনুকূল চন্দ্র মহন্তের মৃত্যু হয়।
অপরদিকে, একই উপজেলার খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হন। নিহত এই কৃষক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে দু‘জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা