আড়াই কেজির ইলিশে চমক

জেলের জালে আড়াই কেজির রাজা ইলিশ, বিক্রি ১৩ হাজারে

দেশজুরে প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম ৮ বার পঠিত
জেলের জালে আড়াই কেজির রাজা ইলিশ, বিক্রি ১৩ হাজারে

জেলের জালে আড়াই কেজির রাজা ইলিশ, বিক্রি ১৩ হাজারে

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
নদীতে যখন মাছের আকাল চলছে, ঠিক তখন সাগরে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ। এর মধ্যে বিভিন্ন আকারের রুপালি ইলিশ মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। সাগরে জেলেদের জালে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটে নাগর হাজারির আড়তে রাজা ইলিশটি নিয়ে আসেন মিরাজ মাঝি। পরে আড়াই কেজি ওজনের রাজা ইলিশটির ডাকে দাম ওঠে ১২ হাজার ৯০০ টাকা। লোকমান আড়তদার মাছটি কিনে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন।বড় আকৃতির এই ইলিশটি দেখতে তালতলি ঘাটে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক মানুষ। জেলে মিরাজ মাঝি জানান, সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিনি ইলিশটি সাগরের মোহনায় ধরেন। পরে ইলিশা তালতলি মাছঘাটে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় পড়ে যায়। পরে নিলামে ১২ হাজার ৯০০ টাকায় লোকমান বেপারী রাজা ইলিশটি কিনে নেন। আড়তদার নাগর হাজারি বলেন, মাঝে মাঝে তাদের এই ঘাটে বড় আকারের ইলিশ আসে। তবে এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। ইলিশা বিশ্বরোড ঘাটের লোকমান ব্যাপারী আরও বেশি টাকায় বিক্রির জন্য আজ তিনি মাছটি ঢাকায় পাঠাবেন। ইলিশা বিশ্বরোড ঘাটের লোকমান ব্যাপারী বলেন, মাছটি কিনতে পেরে খুব খুশি আমরা। ঘাটে সবাই ডাকে অংশ নিয়েছে। তার মধ্যে আমি ১২ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি, ঢাকাতে মাছটি ভালো দামে বিক্রি করতে পারব। রাজা ইলিশটি কিনতে অংশ নিয়ে খুশি জসিম হাজারি। তিনি বলেন, এই ঘাটে এ বছরের সবচেয়ে বড় ইলিশ আজকে ঘাটে এসেছে। আমরা ঘাটের সব আড়তদার মাছটি কেনার জন্য ডাকে অংশ নিই। পরে লোকমান আড়তদার মাছটি কিনে নেন। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, মৌসুমের শেষ দিকে এসে নদীতে ও সাগরে বড় ইলিশ ধরা পড়া অবশ্যই একটি ভালো দিক। কারণ আমরা বলে থাকি, মা ভালো তো বাচ্চা ভালো। বড় ইলিশ বেশি ডিম দেয় এবং এর বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইলিশটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে যেহেতু ইলিশের ডিম দেয়ার মৌসুম, তাই ধারণা করা যায় বড় ইলিশ নদীতে আসছে। মেঘনার ইলিশ শুধু একটি মাছ নয়, এটি এই উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবন-জীবিকা, ঐতিহ্য ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা এক নাম। বছরের পর বছর জেলেরা উত্তাল নদীতে জীবনের ঝুঁকি নিয়ে জাল ফেলেন, আর কখনো সেই জালেই উঠে আসে এমন ‘রাজা ইলিশ’।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।