স্মরণে সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইট
রাজশাহীর সমাজসেবক মাসুদ রানা সুইটের প্রথম মৃত্যুবার্ষিকী
রাজশাহীর সমাজসেবক মাসুদ রানা সুইটের প্রথম মৃত্যুবার্ষিকী
সংবাদ ২৪ ঘন্টা
০৭ আগ ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক, সফল প্রথম শ্রেণির ঠিকাদার ও গণমাধ্যম উদ্যোক্তা মরহুম মাসুদ রানা সুইটের প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল (৭ আগস্ট)। ২০২৫ সালের এই দিনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
মাসুদ রানা সুইট ১৯৬০ সালের ২ জুন রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী সিপাইপাড়া এলাকায় এক সম্ভ্রান্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন সাবেক সিএসপি কর্মকর্তা ও মুক্তিযুদ্ধে শহীদ। একই সময়ে তাঁর আরও দুই ভাই পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনে শাহাদাতবরণ করেন।
কর্মজীবনে তিনি ‘এম এস মাসুদ রানা বিল্ডার্স’-এর স্বত্বাধিকারী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রথম শ্রেণির তালিকাভুক্ত ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আমদানিকারক, সরবরাহকারী এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ছিলেন। তিনি হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের সরকারি ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করেন।
গণমাধ্যমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা শুরু হয় ১৯৯৬ সালে ‘দৈনিক চাঁদনী বাজার’ পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি ‘সংবাদ ২৪ ঘণ্টা’ অনলাইন নিউজ পোর্টাল ও ‘দৈনিক স্বপ্নের বাংলাদেশ’ পত্রিকা প্রতিষ্ঠা করেন। সাংবাদিকদের ঐক্য ও কল্যাণে তিনি ‘গ্রীন সিটি প্রেস ক্লাব’ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মরহুমের সন্তান আবুল হাসনাত অমি বলেন, “বাবা শুধু আমাদের অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক ও ছায়ার মতো আশ্রয়। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। সকলের কাছে বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।”
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের পরিবার, শুভাকাঙ্ক্ষী ও গ্রীন সিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা