সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:১৯ এএম আপডেট : ০৩ জুন ২০২৬, ০৯:২৬ এএম ৪ বার পঠিত
সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু

সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু

সংবাদ ২৪ ঘন্টা
০৩ জুন ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী আশ্রমে আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। এ উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে আশ্রম কর্তৃপক্ষ। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশের নানা স্থান থেকে হাজারো ভক্ত বারদীতে সমবেত হয়েছেন। উৎসবকে ঘিরে বারদী আশ্রম ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বুধবার (৩ জুন) সকালে পূজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। আশ্রম প্রাঙ্গণ ও বিভিন্ন স্থাপনা আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। তিরোধান উৎসব উপলক্ষে বারদী এলাকায় সাত দিনব্যাপী মেলাও বসেছে। ভক্তদের আবাসন, খাবার ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আশ্রমের তীর্থ নিবাসসহ বিভিন্ন স্থানে ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, উৎসবে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে বলেন, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, ঊষাকীর্তন, গীতা পাঠ, বাল্যভোগ ও রাজভোগ বিতরণ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা এবং সন্ধ্যাকালীন কীর্তন। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিষ্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সাধনা ও মানবসেবার মাধ্যমে তিনি আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন। জীবনের শেষ ২৬ বছর তিনি সোনারগাঁওয়ের বারদীতে অবস্থান করেন। বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ বারদী আশ্রমে তাঁর মহাপ্রয়াণ ঘটে। সেই স্মরণে প্রতিবছর ১৯ জ্যৈষ্ঠ তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।