হামলায় মায়ের মৃত্যু, আশঙ্কাজনক বাবা
মোহনপুরে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর
মোহনপুরে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর
সংবাদ ২৪ ঘন্টা
২৪ সেপ্টে ২০২৬
সোহানুল হক পারভেজ তানোর :
রাজশাহীর মোহনপুরে নেশার টাকার জেরে নিজের গর্ভধারিণী মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা এবং বাবাকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। বর্বরোচিত এ ঘটনায় অভিযুক্ত ছেলে আমিনুলকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।বুধবার দিবাগত রাতে মোহনপুর উপজেলার মৌগাছি সরদারপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহতের নাম জান্নাতুন বেগম। অন্যদিকে গুরুতর জখম হওয়া বাবা মুজিব সরদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ও আহত ব্যক্তির স্বজন এবং স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত আমিনুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত এবং নিয়মিত কলহে জড়াত। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে টাকার দাবিতে পরিবারের সদস্যদের সঙ্গে তার তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চরম ক্ষিপ্ত হয়ে সে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে মা জান্নাতুন বেগমের ওপর আক্রমণ চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে। এ সময় বাবা মুজিব সরদার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে সে।নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুলকে আটক করে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মুজিব সরদারের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা